এআই যে বাস্তবতা তা আমাদের মেনে নিতেই হবে : অনন্যা পান্ডে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ১২:৩৮ এএম
এআই যে বাস্তবতা তা আমাদের মেনে নিতেই হবে : অনন্যা পান্ডে

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের ক্ষেত্রে ঘটেছে তেমনই। তার অনুমতি ছাড়াই তৈরি হয়েছে যৌন আবেদনমূলক ডিপফেক ছবি। ছড়িয়েছে ভুয়া বিজ্ঞাপন।

একজন অভিনেত্রীর মুখ দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠে তার অভিনয় আর পর্দার উপস্থিতির মধ্য দিয়ে। কিন্তু সেই মুখই যখন তার অজান্তে অন্য কোনো কাজে ব্যবহার হয়, তখন সেটি শুধু বিব্রতকর নয়, হয়ে ওঠে ব্যক্তিগত মর্যাদার প্রশ্নও। বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের ক্ষেত্রে ঘটেছে তেমনই। তার অনুমতি ছাড়াই তৈরি হয়েছে যৌন আবেদনমূলক ডিপফেক ছবি। ছড়িয়েছে ভুয়া বিজ্ঞাপন। এমনকি তাকে অনুকরণ করে তৈরি হয়েছে এআই চ্যাটবটও।

এসবের বিরুদ্ধে নিজের পরিচয় ও ব্যক্তিসত্তার অধিকার রক্ষায় বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনন্যা। চলতি মাসের শুরুতে আদালত তাকে অন্তর্বর্তী সুরক্ষাও দিয়েছেন। তবে বিষয়টি শুধু নিজের পরিচয় রক্ষার লড়াইয়ে সীমাবদ্ধ রাখতে চান না অভিনেত্রী। এআইয়ের ব্যবহার নিয়ে তার উদ্বেগ আরো বিস্তৃত। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের সম্মতি ও মর্যাদার বিষয়টিও যে সমান গুরুত্ব পাওয়া প্রয়োজন, সেই প্রশ্নই সামনে আনছেন তিনি।

সম্প্রতি এইচটি সিটিকে দেয়া এক সাক্ষাৎকারে এআই নিয়ে নিজের ভাবনার কথা বলেছেন অভিনেত্রী। তার মতে, এ প্রযুক্তিকে অস্বীকার করার সুযোগ নেই। এটি এরই মধ্যে আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। অনন্যার কথায়, ‘এআই যে বাস্তবতা তা আমাদের মেনে নিতেই হবে। কৃত্রিম প্রযুক্তিকে ঘিরে “বাস্তবতা” শব্দটি ব্যবহার করাটা একটু অদ্ভুত। কিন্তু এটি আমাদের জীবনের অংশ।’

প্রযুক্তিটির ইতিবাচক সুবিধার কথাও স্বীকার করেন অভিনেত্রী। চলচ্চিত্রের শুটিং ও সম্পাদনার কাজে এআই অনেক সময় বাঁচাচ্ছে। বিশেষ করে শব্দ সম্পাদনায় এর ব্যবহার বেশ কার্যকর। আগে আশপাশের শব্দ বা কারিগরি সমস্যার কারণে একই দৃশ্য বারবার ধারণ করতে হতো। এখন এআইয়ের সাহায্যে দ্রুত সেসব ত্রুটি ঠিক করা যাচ্ছে।

তবে প্রযুক্তির এ সুবিধার আড়ালে মানুষের জায়গা দখলের প্রবণতা নিয়ে উদ্বিগ্ন অনন্যা। তার বিশ্বাস, অভিনয় কিংবা সৃজনশীলতার মূল জায়গাটি মানুষের আবেগেই নিহিত। তিনি বলেন, ‘যখন এআই মানুষের জায়গা নিতে শুরু করে, তখনই বিষয়টি ভীতিকর হয়ে ওঠে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এআই কখনই মানুষের আবেগকে ছাপিয়ে যেতে পারবে না।’

প্রযুক্তির ব্যবহার নিয়ে তার সবচেয়ে জোরালো আপত্তি অবশ্য সম্মতির প্রশ্নে। কারো অনুমতি ছাড়া তার ছবি বা পরিচয় ব্যবহার করে মিথ্যা ও অবমাননাকর কনটেন্ট তৈরি করাকে কোনোভাবেই স্বাভাবিকভাবে নেয়ার সুযোগ নেই। অনন্যার ভাষায়, ‘দীর্ঘমেয়াদে কী ঘটবে তা আমি জানি না। তবে আমাদের অবশ্যই এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। বিশেষ করে যখন কারো সম্মতি ছাড়া এআই ব্যবহার করে তাকে হেয় করা হয় কিংবা তার সম্পর্কে মিথ্যা কিছু উপস্থাপন করা হয়।’

এদিকে কল মি বে সিরিজের দ্বিতীয় মৌসুমে বেলা চৌধুরী চরিত্রে ফিরছেন অনন্যা। সময়ের সঙ্গে চরিত্রটির পরিবর্তন ও বিকাশও দেখতে পাবেন দর্শক। তবে পর্দার বাইরেও তার এ লড়াই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে—কারো মুখ বা কণ্ঠস্বর নকল করা প্রযুক্তির পক্ষে হয়তো কঠিন নয়, কিন্তু সেই মানুষটির ইচ্ছা-অনিচ্ছার জায়গাটি প্রযুক্তি কখনই বুঝে নিতে পারে না।
 

Link copied!